ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ২ জেএসসি পরীক্ষার্থী ছাত্রীকে উত্যক্তের অভিযোগে এসিডসহ ২ বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ১০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ঝিনাইগাতী মহিলা কলেজ কেন্দ্রে ওই ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের জয়নাল আবেদীনের পুত্র দেলোয়ার হোসেন (১৮) ও আলী হোসেনের পুত্র মনিরুজ্জামান (১৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার জেএসসি পরীক্ষা শেষে ঝিনাইগাতী মহিলা কলেজ কেন্দ্রে প্রবেশের পূর্বাহ্নে ২ পরীক্ষার্থী ছাত্রীকে ওই ২ বখাটে যুবক উত্যক্ত করে এবং এক পর্যায়ে তাদের এসিডে ঝলসে দেওয়ার হুমকি দেয়। বিষয়টি তারা কেন্দ্র কর্তৃপক্ষকে জানালে তারা তা স্থানীয় পুলিশকে জানিয়ে রাখে। এরপর পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে যাওয়ার পথে ওই ২ ছাত্রীকে ফের উত্যক্ত শুরু করে তারা। এক পর্যায়ে তাদের ডাক-চিৎকারে থানা পুলিশ ওই ২ উত্যক্তকারী বখাটেকে জনতার সহায়তায় আটক করে পুলিশ। ওইসময় আটক দেলোয়ারের কাছ থেকে পেপসোডেন্ট টুথপাউডারের কৌটা ভর্তি প্রায় ১শ গ্রাম এসিড পাওয়া যায়। অভিযোগ রয়েছে, গ্রেফতারকৃত ২ বখাটে ওই ২ স্কুলছাত্রীকে বেশকিছু দিন ধরে পথে-ঘাটে উত্যক্ত করে আসছিল।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় ইভটিজিং ও এসিড নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
























