শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে কীটনাশক পানে ওবায়দুল ইসলাম (৪০) নামে এক দিনমজুর আত্মহত্যা করেছে। ৪ নভেম্বর শুক্রবার রাতে উপজেলার গবরীকুড়া গ্রামে ওই ঘটনা ঘটে। ওবায়দুল ইসলাম ওই গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।
নিহত পারিবারিক সূত্রে জানা যায়, ওবায়দুল ৮ মাস আগে বিভিন্ন এনজিও থেকে ১ লক্ষ ২০ হাজার টাকার ঋণ নেয়। সেই টাকা প্রতি সপ্তাহে পরিশোধ করা কথা। কিন্তু সংসারের অভাব অনটনে সেই কিস্তির টাকা পরিশোধ করতে পারেনি। সেই ঋণের টাকার জন্য এনজিওর কর্মীরা প্রতি সপ্তাহে টাকার জন্য চাপ প্রয়োগ করেন। শনিবার একটি এনজিওর দুই হাজার টাকা পরিশোধ করা কথা দিয়েছিলেন। শুক্রবার রাতে ওবায়দুল ইসলাম এক হাজার টাকা নিয়ে বাড়ি আসেন। বাকী টাকা কোথায় থেকে যোগাড় করবেন সেই উপায় না পেয়ে রাতেই কীটনাশক পানে আত্মহত্যা করেন।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
























