স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে এডিবির অর্থায়নে ও আইএল এন্ড এফএস টেকনোলজিস, ইন্ডিয়ার কারিগরি সহযোগিতায় স্ট্রেংদেনিং গভর্নেন্স ম্যানেজমেন্ট প্রজেক্টের আওতায় ডিএলএমএস (ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম) সফটওয়্যার ব্যবহার শীর্ষক ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই কর্মশালার শেষ দিনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন আইএল এন্ড এফএস টেকনোলজিসের সহকারি প্রকল্প পরিচালক রাকেশ বেদি ও ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব আহসান হাবিব। ওইসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ফরিদ আহমদ উপস্থিত ছিলেন। ওই কর্মশালায় ৫ উপজেলার ইউএনও, এসিল্যান্ড, কানুনগো, মিউটেশন সহকারীসহ জেলার ভূমি সংশ্লিষ্ট ২৮ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
জানা যায়, বর্তমান সরকারের রূপকল্প-২০২১ তথা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ভূমি রেকর্ড আধুনিকায়নসহ মিউটেশনে ডিজিটাল পদ্ধতি প্রবর্তন, গতানুগতিক পদ্ধতির পরিবর্তে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে রেকর্ড সংরক্ষণ ও জমাখারিজ মিউটেশন করার কাজ হাতে নিয়েছে সরকার। প্রথম ধাপে দেশের ৭ টি জেলায় ওই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এর মধ্যে শেরপুর তৃতীয়।
























