নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে কিশোরী মাদরাসা ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে শরিফুল ইসলাম সজিব (১৯) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ৫ নভেম্বর শনিবার দুপুরে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার সোহেল রহমান ওই দন্ড প্রদান করেন।
জানা যায়, নালিতাবাড়ী পৌর শহরের নামা ছিটপাড়া মহল্লার রফিকুল ইসলাম সানার ছেলে শরিফুল ইসলাম সজিব শনিবার সকাল ১০ টার দিকে কলসপাড় ইউনিয়নস্থ পাঁচগাঁও বাজার এলাকায় যায়। ওইসময় মাদরাসায় যাওয়ার পথে পাঁচগাঁও দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে রাস্তায় আটকে মোবাইল ফোন উপহার দেওয়ার চেষ্টা করে। ওইসময় মেয়েটি মোবাইল ফোন নিতে অস্বীকার করলে সজিব জোরাজুরি করে। বিষয়টি আশপাশে থাকা লোকজন দেখে ফেলে এবং সজিবকে আটক করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের কাছে হস্তান্তর করে। চেয়ারম্যান পুলিশের সহায়তায় সজিবকে উপজেলা নির্বাহী কর্মকতার কার্যালয়ে নিয়ে যান। সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে অভিযুক্ত সজিবকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
























