শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে ওবায়দুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ৩১ অক্টোবর সোমবার বিকেলে নিজ বাড়ির বিল্ডিংয়ে মর্টারের পানি দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে সে মারা যায়। ওবায়দুল উপজেলার ভায়াডাঙ্গা দড়িপাড়া গ্রামের মৃত শাহা আলীর ছেলে। সে ভায়াডাঙ্গা বাজারের মেশিনারীজ দোকানের মালিক ও ব্যবসায়ী।
মৃত ওবায়দুল ইসলামের ছোট ভাই আব্দুল্লাহ জানান, ওবায়দুল নিজ বাড়ির নির্মাণাধীন বিল্ডিংয়ে পানি দেয়ার সময় মর্টারের তার সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক জেলা সদর হাসপাতালে রেফার করেন। পরে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে ওবায়দুল মারা যায়। এ ঘটনায় তার পরিবারে চলছে শোকের মাতম।
























