স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে এক ভয়াবহ অগ্নিকান্ডে মালামাল ও নগদ টাকাসহ ৭ বসতঘর ভস্মিভূত হয়েছে। ৩১ অক্টোবর সোমবার ভোরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের চরাঞ্চল কৃষ্ণপুর গ্রামে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লক্ষাধিক টাকা।
স্থানীয় সমাজসেবক শফিকুল ইসলাম বাবুল মাস্টার জানান, সোমবার ভোর ৪টার দিকে কৃষ্ণপুর গ্রামের কৃষক সুরুজ আলীর টিনের বসতঘর থেকে বিদ্যুতের শর্টসার্কিটে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। সাথে সাথেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের আব্দুল করিম, হানিফ উদ্দিন, মানিক মিয়া ও ফজল আলীর বসতঘরে। এক পর্যায়ে হানিফ ও ফজলের দু’টি করেসহ মোট ৭টি ঘরের আসবাবপত্র, কাপড়-চোপড়, ধান-চাল ও নগদ টাকা পুড়ে ভস্মিভূত হয়। বর্তমানে ওইসব বাড়ির লোকজন খোলা আকাশের নিচে রয়েছেন।
























