স্টাফ রিপোর্টার ॥ কুড়িগ্রাম জেলায় বদলী হওয়া শেরপুরের পুলিশ সুপার মোঃ মেহেদুল করিমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর রবিবার জেলা কমিউনিটি পুলিশ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে ওই সংবর্ধনার আয়োজন করে। জেলা কমিউনিটি পুলিশের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ মাসুদের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. নূরুল ইসলাম হিরু, মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ অদু, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, শফিকুল ইসলাম জিন্নাহ, আওয়ামী লীগ নেতা ফখরুল মজিদ খোকন, মো. রফিকুল ইসলাম প্রমুখ। জেলা কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য অনুষ্ঠান সঞ্চালনা করেন।
সভায় বক্তারা পুলিশ সুপার মেহেদুল করিমকে একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ হিসেবে উল্লেখ করে বলেন, তিনি ছিলেন জনবান্ধব, আদর্শবান ও মুক্তিযৃদ্ধের চেতনায় সমৃদ্ধ সাহসী পুলিশ কর্মকর্তা। আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি জনবান্ধব কর্মকান্ড করে শেরপুরকে সমৃদ্ধ করেছেন। আলোচনা সভা শেষে বিদায়ী পুলিশ সুপারকে কমিউনিটি পুলিশ ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ফুল, মিষ্টি ও উপহার প্রদান করা হয়।
উল্লেখ্য, প্রায় সাড়ে ৩ বছর আগে পুলিশ সুপার মেহেদুল করিমকে শেরপুরে যোগদান করেন।
























