নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় মোটর সাইকেলের ধাক্কায় ময়না বিবি (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ২৮ অক্টোবর শুক্রবার দুপুরে নকলা পৌরসভার খাদ্য গুদাম সড়কে ওই দুর্ঘটনা ঘটে। সে কলাপাড়া এলাকার মহেজ উদ্দিনের স্ত্রী এবং পেশায় ভিক্ষুক।
জানা যায়, শুক্রবার দুপুরে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় একজন মোটর সাইকেল চালক পিছন থেকে হর্ণ বাজালে বৃদ্ধা ময়না বিবি দৌড়ে রাস্তা পার হতে যান। ওইসময় চালক নিয়ন্ত্রণ হারালে দ্রুত গতির মোটর সাইকেলটি তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তার পাশে পড়ে জ্ঞান হারান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।নকলা থানার ওসি মো. গোলাম হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
























