নকলা (শেরপুর) প্রতিনিধি॥ শেরপুরের নকলায় নায়েব আলী (৬২) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৯ অক্টোবর সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। সে নকলা উপজেলাধীন গনপদ্দী ইউনিয়নের বড়ইতার গ্রামের শুকুর মাহমুদের ছেলে। তার মাথার বাম পাশে লাঠি বা ভারি কোন বস্তু দ্বারা আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নায়েব আলীর পরিবার বইছে শোকের মাতম।
জানা যায়, নায়েব আলী ৯ বছর যাবৎ পরিবার পরিজন নিয়ে নকলা শহরের কামারপট্টি এলাকায় বসবাস করে আসছিলেন। তবে কৃষি আবাদ দেখতে প্রায়ই গ্রামের বাড়ি বড়ইতারে যেতেন তিনি। সে সুবাধে তিনি গত বুধবার হতে বড়ইতারে অবস্থান করছিলেন। শুক্রবার রাত্রে কে বা কারা তাকে মেরে নকলার বড়ইতার হয়ে শেরপুরের চান্দেরকান্দা যাওয়ার রাস্তার পাশে তার লাশ ফেলে রাখে। অভিযোগ উঠেছে, নায়েব আলীর সাথে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে তার নিকট আত্মীয়ের দ্বন্দ্ব চলে আসছিলো। ওই সূত্র ধরেই পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হতে পারে। হত্যাটিকে ভিন্ন খাতে ধাবিত করতে পূর্বে নকলা ও পশ্চিমে শেরপুরের সীমা নির্ধারনকারী রাস্তার পশ্চিম পাশে লাশ ফেলে রাখাসহ লাশের পাশে এক জোড়া জুতা ও মাছ ধরার একটি জাল ফেলে রাখা হয়েছে বলেও এলাকা বাসিরা জানান। নায়েব আলীর ছেলে লাল চাঁন বলেন, সকাল সাড়ে ৬টায় বড়ইতারের কডা নামের তার এক ভাই মোবাইল ফোনে বাবার মৃত্যুর সংবাদটি জানান। ৭টার দিকে তারা সেখানে পৌঁছে হত্যার বিষয়টি বুঝতে পারেন। তিনি বলেন, তার বাবা কখনোই জাল দিয়ে মাছ ধরেননি বা তাদের কারো মাছ ধরার জাল ছিলনা বা বর্তমানেও নেই।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম হায়দার বলেন, যেহেতু লাশটি শেরপুর সীমায় পাওয়া গেছে, সেহেতু আইনি জটিলতা থাকায় স্বাভাবিক কারনেই লাশ উদ্ধার করাসহ প্রাথমিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ শেরপুর সদর থানা থেকেই করা হবে। নকলা থানার নাগরিক এবং সংবাদ পেয়ে ঘটনাস্থলে নকলার পুলিশ উপস্থিত হওয়া সত্ত্বেও সীমানা জটিলতার জন্য নকলা থানার পুলিশ ফিরে যায়। পরে শেরপুর সদর থানার পুলিশ সকাল ৯ টায় ওই লাশ উদ্ধার করে শেরপুর থানায় নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
























