স্টাফ রিপোর্টার ॥ একই জমিতে একাধিকবার অধিক ফসল উৎপাদন করে কৃষকরা যাতে বাড়তি আয় করতে পারেন এজন্য আমন মৌসুমের স্বল্প জীবনকালের নতুন জাতের ধান আবিষ্কার করেছে বাংলাদশে ধান গবেষণা ইনস্টিটিউট ‘ব্রি’। শেরপুরের নকলায় ব্রি-উদ্ভাবিত আমন মৌসুমের নতুন জাতের এমন ৬টি ধানের কৃষকের মাঠে পরীক্ষামুলক আবাদ করে বেশ আশাব্যঞ্জক উৎপাদন মিলেছে। এ উপলক্ষে ২৯ অক্টোবর শনিবার নকলার কুর্শা গ্রামের কৃষক মশিউর রহমানের প্রদর্শনী প্লটের শস্যকর্তন শেষে এক উদ্বুদ্ধকরণ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে দেখা যায়, খরাসহিষ্ণু ব্রি ধান-৬৬ একরে ৪৮ মণ, সুগন্ধি চিকন ব্রি ধান-৭০ একরে ৫০ মণ এবং আরেক খরাসহিষ্ণু সুগন্ধি চিকন ব্রি ধান-৭১ একরে ৪৯ মণ ফলন পাওয়া গেছে। তাছাড়া জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭২ একরে ৪৫ মণ, স্বল্পমেয়াদী ব্রি ধান-৭৫ একরে ৪৭ মণ, ব্রি ধান-হাইব্রীড-৪ একরে ৫২ মণ এবং নেরিকা মিউট্যান্ট একরে ৪৫ মণ ফলন হয়েছে। নেরকিা মিউট্যান্ট ৯০-১০০ দিনের মধ্যে এবং অন্যান্য জাতের ধান ১০০-১১৫ দিনের মধ্যে ফলন পাওয়া গেছে।
‘ব্রি’র কৃষি বিজ্ঞানীরা জানান, স্বল্পসময়ে আমন মৌসুমের এসব ধান আবাদ করে কৃষকরা পরবর্তিতে বোরোর আগেই আরো একটি ফসল ফলাতে পারবেন। বিশেষ করে তৈল জাতীয় বারি-১৪ সরিষা উৎপাদন করা যাবে। বর্তমানে দেশে চাহিদার তিন াগের দুই ভাগ তেল জাতীয় ফসল আমদানী করা হচ্ছে। তবে দেশের ৩০ ভাগ জমিতে এ তেল জাতীয় সরিষা আবাদ করলে আমদানীর পরিমান অনেক কমে আসবে বলে মাঠ দিবসে জানানো হয়।
কৃষক সমাবেশে ‘ব্রি’র মহাপরিচালক ড. ভাগ্য রানী বনিক প্রধান অতিথি এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ‘বিনা’র মহাপরিচালক ড. মো. শমসের আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্রি ও শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে সভাপত্বি করেন পৌর মেয়র মো. হাফিজুর রহমান লিটন। অন্যান্যের মাঝে ব্রি’, বিনা, বিএডিসি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, জাত উদ্ভাবনকারি কৃষি বিজ্ঞানী, মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে এলাকার শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহন করেন।

























