স্টাফ রিপোর্টার : জাতীয় ক্রিমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০১৬ সফল করতে শেরপুরে আয়োজিত অ্যাডভোকেসি সভায় এবার কোন গণমাধ্যম প্রতিনিধিকে না রাখায় আয়োজক প্রতিষ্ঠানের প্রধান সিভিল সার্জন ডাঃ আনোয়ার হোসেনকে শুনতে হয়েছে ভৎর্সনা। ১৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে সিভিল সার্জন অফিস মিলনায়তনে আয়োজিত অ্যাডভোকেসী সভায় ওই ভৎর্সনার ঘটনা ঘটে।
জানা যায়, আগামী ২২-২৭ অক্টোবর জাতীয় ক্রিমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপন উপলক্ষে এবং ওই সপ্তাহের কর্মসূচি সফল করতে বরাবরের মতোই এবারও মঙ্গলবার দুপুরে সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে আয়োজন করা হয় এডভোকেসী সভা। ওই সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম। সভায় জেলা পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এআরএম ওয়াহেদুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক উপস্থিত ছিলেন। এছাড়া সভায় অন্যান্য বারের মতো প্রশাসন, উপজেলা পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, মাঠ পর্যায়ের কর্মকর্তা-সংগঠকদের রাখার ব্যবস্থা করা হলেও ব্যত্যয় ঘটেছে কেবল গণমাধ্যম প্রতিনিধিদের ক্ষেত্রে। কারণ স্বাস্থ্য বিষয়ক কর্মসূচিসহ জাতীয় কোন কর্মসূচি উদ্বোধনের আগেই প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিতির উপর গুরুত্বারোপ করা হয় অধিক। কিন্তু এবার গণমাধ্যম প্রতিনিধি বা গণমাধ্যম প্রতিনিধিদের সংগঠন শেরপুর প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক বা সরকারি গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে কাউকেই ওই অ্যাডভোকেসি সভায় ডাকা হয়নি বা রাখার ব্যবস্থা করা হয়নি। বিষয়টি বুঝতে পেরেই অর্থাৎ ওই কর্মসূচির গুরুত্ব বিবেচনায় গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিতির প্রয়োজন কতটুকু ছিল সে সম্পর্কে স্পষ্ট উচ্চারণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম। এক পর্যায়ে তিনি ওই ঘটনায় আয়োজক প্রতিষ্ঠানের প্রধান ও অনুষ্ঠানের সভাপতি সিভিল সার্জন ডাঃ আনোয়ার হোসেনকে ভৎর্সনা করতেও ছাড়েননি। ওইসময় সভায় উপস্থিত বেশ কয়েকজনই জেলা প্রশাসকের ওই বক্তব্যকে সমর্থন করেন। সভায় উপস্থিত থাকা বেশ কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তাই ওই তথ্য নিশ্চিত করেছেন। তবে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ সেলিম মিয়া ওই অ্যাডভোকেসি সভায় গণমাধ্যম প্রতিনিধিদের না রাখার বিষয়ে কথা বলার সত্যতা স্বীকার করে জানান, পরবর্তীতে তাদের নিয়ে পৃথক অবহিতকরণ সভা করা হবে। একই কথা জানান ওই অফিসের পরিসংখ্যানবিদ মোঃ বজলুর রহমান।
এ ব্যাপারে শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা একটি জাতীয় কর্মসূচির প্রারম্ভে আয়োজিত অ্যাডভোকেসি সভায় গণমাধ্যম প্রতিনিধিদের না রাখার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, আমাদের রাখা না রাখার বিষয়টি কারও ইচ্ছেমাফিক হলে চলবে না। কর্মসূচির সফলতার স্বার্থেই দু’একজন হলেও গণমাধ্যম প্রতিনিধিকে স্মরণ করা উচিত ছিল স্বাস্থ্য বিভাগের। অন্যদিকে তারা ওই ঘটনায় ভৎর্সনা করায় জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিমকে একজন সাহসি ও স্পষ্টবাদী কর্ণধার হিসেবে অভিহিত করেছেন।























