স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫২ তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে ১৮ অক্টোবর মঙ্গলবার সকালে শেরপুরে শিশু একাডেমীর আয়োজনে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। খরমপুরস্থ শিশু একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমীর সদস্য অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল ও নাসরিন রহমান। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৪ টি গ্রুপে বিভিন্ন স্কুলের ৮০ জন প্রতিযোগী অংশ নেয়। এতে ক গ্রুপে পুলিশ লাইন একাডেমীর আহনাথ মাইমুন মাহি, খ গ্রুপে নবারুণ পাবলিক স্কুলের তানজিনুর রহমান সঞ্চয়, গ গ্রুপে সরকারি ভিক্টোরিয়া একাডেমীর দেবজিৎ সাহা কাব্য, ঘ গ্রুপে নবারুণ পাবলিক স্কুলের সুরাইয়া সুমাইয়া প্রথম পুরস্কার লাভ করে। এছাড়া রচনা প্রতিযোগিতায় ২ গ্রুপে বিভিন্ন স্কুলের ১৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় ক গ্রুপে সরকারি ভিক্টোরিয়া একাডেমীর আল শাহরিয়ার ও খ গ্রুপে নবারুণ পাবলিক স্কুলের সুরাইয়া নওশীন প্রথম পুরস্কার লাভ করে।
এদিকে শেখ রাসেলের ৫২তম জন্মদিন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন শেরপুর জেলা কার্যালয় শহরের খরমপুরস্থ অফিস মিলনায়তনে ক্বেরাত, আযান, কবিতা আবৃত্তি, জাতীয় পতাকা অঙ্কন ও জাতীয় সঙ্গীত গাওয়া প্রতিযোগিতাসহ মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ফরিদ আহমদ। ইফার উপ-পরিচালক হাবেজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, জেলা আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি মাওলানা শরাফত আলী প্রমুখ।























