ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জাল টাকাসহ মো. আতাউল করিম (৫৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে শেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আতাউল উপজেলার সদর ইউনিয়নের নয়াগাঁও গ্রামের আহাম্মদ আলীর ছেলে। বৃহস্পতিবার রাতে ঝিনাইগাতী বাজার এলাকা থেকে ৩ হাজার টাকার জাল নোটসহ পুলিশ তাকে গ্রেফতার করে।
জানা যায়, ৮ সেপ্টেম্বর শুক্রবার রাতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঝিনাইগাতীর গরুর হাটে আতাউল করিম জাল টাকা লেনদেন করার চেষ্টা করছিলেন। ওই সময় টহল পুলিশ তাঁকে গ্রেফতার করে। তাঁর নিকট থেকে পুলিশ এক হাজার টাকা মূল্যমানের দুটি ও ৫শ টাকা মূল্যের দুটি জাল টাকা জব্দ করে।
ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র সরকার বাদী হয়ে আতাউলের বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন। পুলিশের প্রাথমিক তদন্তে গ্রেফতার আতাউল জাল টাকা চক্রের একজন সদস্য বলে জানা গেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।























