নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলা সদরের হাজী জাল মামুদ কলেজ জাতীয়করণের বিষয়ে আনন্দ মিছিল হয়েছে নকলা শহরে। ৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে কলেজ অঙ্গণ থেকে বের হওয়া ওই মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর গভর্নিং বডির সভাপতি জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিমের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, অধ্যক্ষ লুৎফর রহমান, উপাধ্যক্ষ আলতাফ হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছউদ্দিন মুন্না প্রমুখ। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওইসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও এলাকার সংসদ সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ তাদের মঙ্গল কামনা করা হয়। অনুষ্ঠানে গভর্নিং বডির অন্যান্য সদস্য, শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর নির্বাচনী এলাকা নকলার হাজী জাল মামুদ কলেজ ও নালিতাবাড়ীর নাজমুল স্মৃতি কলেজকে সম্প্রতি জাতীয়করণ এবং নকলা পৌরসভাকে ‘গ’ শ্রেণি থেকে ‘খ’ শ্রেণিতে উন্নীত করা হয়েছে।
























