স্টাফ রিপোর্টার : শেরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরন শুরু হয়েছে। ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই কৃষি প্রণোদনা কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু। ওইসময় উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েযীদ হাসান, খামারবাড়ী অতিরিক্ত উপ-পরিচালক এ এম মোবারক হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল বারী চাঁন বক্তব্য রাখেন। অন্যান্যের মাঝে স্থানীয় জনপ্রতিনিধি ও উপ-সহকারি কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার জানান, ২০১৬-১৭ অর্থবছরে খরিপ-২ মৌসুমে মাসকলাই, রবি মৌসুমে গম, ভুট্টা. সরিষা এবং খরিপ-১ মৌসুমের গ্রীষ্মকালীণ মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষে সদর উপজেলায় এবার ১ হাজার ৭০০ কৃষককে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। এতে প্রত্যেক কৃষককে এক বিঘা জমি আবাদের জন্য প্রয়োজনীয় বীজ ও সার বিনামুল্যে প্রদান করা হয়। প্রতিটি কৃষি ব্লকে চাষের উপযোগিতা অনুযায়ী ১০-১৫ জন কৃষককে একসাথে ক্লাস্টার আকারে এসব প্রণোদনা কর্মসূচী বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ফসলের উৎপাদন আগের তুলনায় ভালো হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

























