ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার অবৈধ করাত কল বন্ধে হিমশিম খাচ্ছে বন-বিভাগ। এ উপজেলায় ৮/১০টি অবৈধ করাত কল রয়েছে। ওইসব করাত কলগুলো ধানশাইল, বাগেরভিটা, পাগলারমুখ ও পাইকুড়া এলাকায় অবস্থিত। ওইসব অবৈধ করাত কল গুলোতে অবাধে চিরাই হচ্ছে চোরাই কাঠ। ফলে বন উজাড়ের পাশাপাশি সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব আয় থেকে।
অভিযোগ রয়েছে, প্রভাবশালী করাত কল মালিকরা উপজেলা প্রশাসনের এক শ্রেণীর কর্মচারীকে নির্দিষ্ট হারে নজরানা দিয়ে দীর্ঘদিন থেকে ওইসব করাত কল চালিয়ে আসছে। গত ২৯ আগস্ট ধানশাইল এলাকায় অবৈধ একটি করাত কল স্থাপনের সময় বন-বিভাগ তা জব্দ করে। ওই করাত কল স্থাপনের পর থেকে প্রভাবশালী করাত কলের মালিক ও তার লোকজন রাংটিয়া রেঞ্জের কর্মকর্তা কবীর হোসেনকে নানাভাবে চাপ প্রয়োগ করে আসছেন। যাতে করাত কলটি জব্দ ও মালিকের বিরুদ্ধে মামলা না করা হয়। এ নিয়ে ৩১ আগস্ট আইন শৃংখলা কমিটির সভায় বন কর্মচারীদের প্রকাশ্যে চাপ প্রয়োগ করা হয়। এ কারনে অন্যান্য অবৈধ করাত কল গুলিও বন্ধের উদ্যোগ নিতে হিমশিম খাচ্ছে বন-বিভাগ। রেঞ্জ কর্মকর্তা কবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
























