স্টাফ রিপোর্টার : চরম শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকাসহ অর্থ আত্মসাতের অভিযোগে এবার শেরপুর প্রেসক্লাব থেকে বহিস্কার হয়েছেন ৩ সদস্য। ৩ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের এক সভায় তাদের বহিস্কার করা হয়। বহিস্কৃতরা হচ্ছেন সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন, সাবেক সহ-সম্পাদক আদিল মাহমুদ উজ্জল ও সাবেক কোষাধ্যক্ষ আবুল হাশিম। প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলার সঞ্চালনায় ১৭ সদস্যের নির্বাহী পরিষদের ওই সভায় উপস্থিত ১৬ সদস্যের সর্বসম্মত মতামতেই ওই বহিস্কারের সিদ্ধান্ত হয়েছে। প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা ওই ৩ সদস্যকে বহিস্কারের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ১১ জুন রফিকুল ইসলাম আধারকে সভাপতি ও সাবিহা জামান শাপলাকে সাধারণ সম্পাদক করে পরবর্তী ২ বছরের জন্য ১৭ সদস্যবিশিষ্ট নির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়। এরপর প্রেসক্লাবের কমিটি গঠন প্রক্রিয়া থেকে ছিটকে পড়া একটি ক্ষুদ্র অংশ ওই কমিটির বিরুদ্ধে নানা বিষোদগারে লিপ্ত হয়। এক পর্যায়ে শেরপুর শহরের রূপালী ব্যাংক শাখায় থাকা প্রেসক্লাবের একাউন্ট থেকে ব্যাংকের ম্যানেজারসহ একাধিক কর্মকর্তার উদাসিনতায় মনিরুল ইসলাম লিটন, আদিল মাহমুদ উজ্জল ও ক্লাবের অসদস্য শহীদুল ইসলাম হিরা যৌথ সাক্ষরে ভূয়া কমিটি দাখিলের মাধ্যমে ৪৫ হাজার টাকা উত্তোলন করে আত্মসাত করে। তাদের ওই আত্মসাত কাজে ক্লাবের চেক বহি সরবরাহ করে সহায়তা করেন সাবেক কোষাধ্যক্ষ আবুল হাশিম। এছাড়া বার বার তাগাদা ও নোটিশদেওয়ার পরেও সাবেক কোষাধ্যক্ষ আবুল হাশিম তার হাতে থাকা ৩২ হাজার ৮শ ৩৬ টাকা ক্লাবে জমা না দিয়ে মনিরুল ইসলাম লিটন ও আদিল মাহমুদ উজ্জলের যোগসাজসে আত্মসাত করে। তাছাড়াও তারা ক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকসহ আরও একাধিক কর্মকর্তা এবং ক্লাবের বহুতল বিল্ডিংসহ সমস্ত উন্নয়নের দায়-দায়িত্ব কাঁধে নেওয়া আজীবন সদস্য হুইপ আতিউর রহমান আতিকের বিরুদ্ধেও বিষোদগারসহ তার প্রতি তথাকথিত নিন্দা প্রস্তাব গ্রহণের নামে চরম শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকায় আপাতত ছিটকে পড়া ওই অংশের ৩ সদস্যের বিরুদ্ধে ওই বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।























