ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচায় ৪ বিজিবি সদস্যকে আহত করে আসামী ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ সোনা মিয়া, মোঃ মিজানুর রহমান, মোঃ কবির হোসেন ও মোঃ মোস্তফা। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।
নকসী সীমান্ত ফাঁড়ির বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ নাজিম উদ্দিন জানান, বুধবার রাতে তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির বিজিবি টহলদল ইয়াবা পাচারের সময় স্থানীয় রেহাল (২২) নামে এক যুবককে আটক করে। রেহাল মোটর সাইকেলযোগে ইয়াবা পাচার করছিল বলে জানা গেছে। রেহালকে তাওয়াকুচা বিজিবি ক্যাম্পে আনার পথে সোমেশ্বরী নদীর বালিজুরী ব্রীজের উপর রেহালের লোকজন এসে বিজিবি সদস্যদের উপর আক্রমণ করে। এতে টহলদলের ৪ বিজিবি সদস্য আহত হন। আহতদের ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জানা গেছে, হামলাকারীরা বিজিবি সদস্যদের হাতে থাকা ১টি চায়নীজ রাইফেল ভেঙ্গে ফেলে এবং আসামী ছিনতাই করে নিয়ে যায়। খবর পেয়ে তাওয়াকুচা বিজিবি ক্যাম্প থেকে অন্য সদস্যরা ঘটনাস্থলে এসে আহত বিজিবি সদস্যদের উদ্ধার করে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৪জনকে গ্রেফতার করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আব্দুল করিম বলেন, আসামী গ্রেফতারের ব্যাপারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ৩১ আগস্ট রাতে তাওয়াকুচা সীমান্তে আসামী ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ব্যাপারে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)’র পক্ষ থেকে ৩০জনকে আসামী করে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়।























