মো. মোশারফ হোসেন, নকলা, (শেরপুর): শেরপুরের নকলায় মামলা প্রত্যাহার না করায় এক শিক্ষক দম্পত্তিকে প্রাণ নাশের হুমকি দিয়েছে প্রতিপক্ষরা। পাশাপাশি সেচের ড্রেন কেটে ফেলায় প্রায় ৬ একর আমন আবাদে সেচ দিতে পারছেন না শিক্ষক জবেদ আলীর পরিবার।
জানা যায়, গত বছরের ২৬ আগস্ট ওই শিক্ষক দম্পত্তিকে মারপিট করায় তারা নকলা থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলা প্রত্যাহার করতে দীর্ঘদিন যাবত চাপ প্রয়োগ করে আসছে প্রতিপক্ষরা। চাপের অংশ হিসেবে গত বছর শিক্ষক দম্পত্তির উপর দুটি মামলা দায়ের করে, যা পুলিশি তদন্তে মিথ্যা প্রমানিত হয়। ওই বছরই জবেদ আলীর কাষ্ঠল গাছের বাগান ও কলা বাগান কেটে ধ্বংস করে ফেলাসহ চলতি আমন মৌসুমে সেচ বন্ধ করতে সেচের ড্রেন কেটে ফেলে এবং প্রাণ নাশের হুমকি দেয় প্রতিপক্ষরা। জমিতে সেচ দেওয়াসহ প্রানের নিশ্চয়তা চেয়ে জবেদ আলী ২৭ আগষ্ট ৭ জনকে অভিযুক্ত করে নকলা থানায় একটি মামলা দায়ের করেছেন। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু বক্কর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সেচের বিষয়ে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।























