নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ভীমরুলের কামড়ে জিসান (৭) নামে এক শিশুর প্রাণহানি হয়েছে। ৩১ আগস্ট বুধবার বিকেলে উপজেলা গোল্লারপাড় গ্রামে ওই ঘটনা ঘটে। সে ওই গ্রামের সুরুজ মিয়ার ছেলে। এছাড়াও আহত হয়েছে সোহাগ (৮) নামে আরেক শিশু।
জানা যায়, নালিতাবাড়ী উপজেলার গোল্লারপাড় গ্রামের জনৈক মালেক এর বাড়ি সংলগ্ন পাকা রাস্তার পাশে রোপিত গাছে একটি ভীমরুলের বাসা ছিল। বুধবার বিকেলে ওই রাস্তা দিয়ে জিসান ও সোহাগ দুই বন্ধু মিলে বাইসাইকেলে যাওয়ার পথে একই গ্রামের হারেজ আলীর ছেলে সোহাগ তাতে ঢিল ছুঁড়ে মারে। এতে ভিমরুলের ঝাঁক এসে জিসান ও সোহাগকে আক্রমন করে কামড় দেয়। ওইসময় সোহাগ দ্রুত দৌড়ে সড়ে গেলেও জিসানকে ঘিরে ফেলে ভিমরুল। পরে তার চিৎকার-চেচামেচিতে এলাকাবাসী উভয়কে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি ঘটায় জিসানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই তার মৃত্যু হয়।
নালিাবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।























