স্টাফ রিপোর্টার : শেরপুরে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট মঙ্গলবার বিকেলে শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ (আহসান সাইয়েদ)। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জমিয়াতুল মোদার্রেছীন কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহ্মদ মোমতাজী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত মাদ্রাসা পরিদর্শক ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র হুমায়ুন কবির রুমান।
জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি অধ্যক্ষ মাও: মো. নূরুল আমীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তারা সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সাংগঠনিক তৎপরতা অবহিতকরণের পাশাপাশি তা প্রতিরোধে মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীদের করণীয় বিষয়ক বিভিন্ন বিষয় তুলে ধরেন। ওইসময় বক্তারা বলেন, জঙ্গীরা মাদ্রাসার শিক্ষার্থী নয়। কিছু বিপথগামী মানুষ যুব সমাজকে কাজে লাগিয়ে দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীসহ সকলকে সজাগ থাকতে ও নিজেদের অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানানো হয়।
মতবিনিময় সভায় জমিয়াতুল মোদার্রেছীনের সকল উপজেলার নের্তৃবৃন্দ, মাদ্রাসা শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।























