
স্টাফ রিপোর্টার : শেরপুরের নকলা উপজেলার শিক্ষক-সাংবাদিক মো. মোশারফ হোসেন তৃতীয় বারের মতো সেরা সংগঠক নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ২০১২ এবং ২০১৪ সালেও সেরা সংগঠক নির্বাচিত হয়েছিলেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়ের সেকায়েপ পরিচালিত বিশ্ব সাহিত্য কেন্দ্র পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর সংগঠকদের মধ্যে জরিপ করে সেরা সংগঠক নির্বাচন করেন। জরিপে দৈনিক আলোকিত বাংলাদেশ, ‘সাপ্তাহিক দশকাহনীয়া’ পত্রিকার নকলা প্রতিনিধি ও বানেশ্বর্দী ইসলামিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মো. মোশারফ হোসেন সেরা সংগঠক নির্বাচিত হন। এ উপলক্ষে ২০ জুলাই বুধবার ময়মনসিংহের কারিতাস মিলনায়তনে সেরা সংগঠক সম্মাননা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারী এডুকেশন অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ)। অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক ড. মো. মাহামুদ-উল-হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি.এম সালেহ উদ্দিন। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের পরিচালক মো. আঃ মোতালেব। তাছাড়া বিশ্ব সাহিত্য কেন্দ্রের কো-অর্ডিনেটর শরিফ মো. মাসুম, প্রোগ্রাম অফিসার আশরাফুজ্জামান মন্ডল, সেরা সংগঠক মোশারফ হোসেন এসএম শহীদ লিটন প্রমুখ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পরে অতিথিরা ময়মনসিংহ বিভাগের ৬২জন সেরা সংগঠকদের হাতে সম্মাননা পুরস্কার তুলেদেন।
উল্লেখ্য, মোশারফ বাংলাদেশ অন লাইন জার্নালিস্ট এসোসিয়েশন নকলা উপজেলা শাখার সভাপতি, নকলা উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও প্রভাতী বিদ্যাপীঠের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

























