স্টাফ রিপোর্টার : শেরপুরে আলেম-ওলামাদের নিয়ে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও কর্মশালা করা হয়েছে। ২০ জুলাই বুধবার জেলা শিল্পকলা একাডেমীতে ইসলামিক ফাউন্ডেশন শেরপুর জেলা কার্যালয় ওই কর্মশালাটির আয়োজন করে। এতে হুইপ আতিউর রহমান আতিক এমপি প্রধান অতিথি, ইসলামি ঐক্যজোটের মহাসচিব শাইখুল হাদিস মুফতি মো. মনিরুজ্জামান রব্বানী প্রধান আলোচক ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা ওয়ালিউর রহমান বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মেহেদুল করিম, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক হাবেজ আহমেদ।
ওই কর্মশালায় ইসলামকে শান্তির ধর্ম হিসেবে উল্লেখ করে সন্ত্রাস-নৈরাজ্য, মানুষ হত্যা, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কোরআন-হাদীসের আলোকে আলোচনা অনুষ্ঠিত হয়। একইসাথে জঙ্গিবাদ প্রতিরোধে আলেম-ওলামাদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। কর্মশালায় জেলার প্রশিক্ষিত ইমাম, মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকরা ছাড়াও বিভিন্ন মসজিদ-মাদ্রাসার ইমামগণসহ সহস্রাধিক আলেম-ওলামা ও সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।



















