ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তালতলা এলাকা থেকে অটোরিক্সা ছিনতাইকালে হাতেনাতে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। ২৪ জুন শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে উপজেলার কালিনগর গ্রামের হারুন মিয়ার ছেলে সজিব (২২) ও রামেরকুড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে খোকন মিয়া (১৮)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, যাত্রীবেশে আটককৃত দুইজনসহ ৪ ছিনতাইকারী উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের অটোচালক রসুল মিয়াকে ভাড়ায় চুক্তি করে। পরে তিনআনী বাজার হয়ে তালতলা এলাকায় আসার পর অন্ধকার একটি জায়গায় অটোটি থামাতে বলে এবং অটোচালকের মুখ গামছা দিয়ে বেধে ফেলে। ওইসময় তাড়াহুড়ো করতে গিয়ে অটোটি খাদে পড়ে যায়। পড়ে যাওয়ার শব্দে রাস্তার পাশে থাকা বাড়ির মহিলারা বেড়িয়ে এসে ওই ঘটনা দেখে হৈচৈ শুরু করেন। তাদের হৈ-হুল্লোড় শুনে স্থানীয় লোকজন এসে চালককে উদ্ধার করে এবং দুই ছিনইতাকারীকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। অপর দুই ছিনতাইকারী পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে আটককৃতদের থানা হেফাজতে নিয়ে যান।
ঝিনাইগাতি থানার উপ-পরিদর্শক (এসআই) সারোয়ার হোসেন জানান, আটককৃতদের নিকট থেকে কয়েকটি ব্লেড ও চাকু উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারীদের নামে মামলা দায়ের করা হয়েছে।




