স্টাফ রিপোর্টার : শেরপুরে নকল ওষুধের গায়ে স্কয়ার কোম্পানীর মোড়ক লাগিয়ে বিক্রির দায়ে ১০ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বাবুল আহম্মেদ নামে এক ওষুধ ব্যবসায়ীকে ৪ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মেহেদী হাসান শেরপুর সদর উপজেলার কুসুমহাটী বাজারে বাবুল মেডিকেল হলে অভিযান পরিচালনা করেন। এ সময় নকল মোড়ক লাগানো ক্যালবো ডি নামে স্কয়ার কোম্পানীর বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়। পরে প্রকাশ্যে আদালত বসানো হলে দোকানের মালিক বাবুল আহম্মেদ নকল ওষুধ স্কয়ারের মোড়ক লাগিয়ে বিক্রি করা হয় বলে জবানবন্দী দেন। পরে শুনানী শেষে অভিযুক্ত ব্যবসায়ীকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং দোকানের সকল ওষুধ জব্দ করে দোকানটি সীল গালা করে দেওয়া হয়।
শেরপুর সদর থানার উপ-পরিদর্শক সজীব খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।























