আইন মন্ত্রণালয়ের আপত্তি : মন্ত্রীরা প্রচারে অংশ নিতে পারবেন না

খবর টি পড়েছেন : ১৩৪
আইন মন্ত্রণালয়ের আপত্তি : মন্ত্রীরা প্রচারে অংশ নিতে পারবেন না
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

pouro Electionশ্যামলবাংলা ডেস্ক : সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও তাদের সমমর্যাদার সরকারি সুবিধাভোগী ব্যক্তিরা পৌরসভা নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার সুযোগ পাবেন_ নির্বাচন কমিশনের (ইসি) এমন সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে আইন মন্ত্রণালয়। তারা আগের মতো ‘সরকারি সুবিধাভোগী’ এসব ব্যক্তিকে নির্বাচনী প্রচারের বাইরে রাখার পক্ষেই মত দিয়েছে। এ ছাড়াও দলভিত্তিক পৌর নির্বাচনে ইসির সংশোধিত আচরণবিধি ও পরিচালনা বিধিমালায় আমূল পরিবর্তন আনা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আইন মন্ত্রণালয়ের আপত্তির পর মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার সুযোগ না রেখেই আচরণ বিধিমালা চূড়ান্ত হচ্ছে।
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে আইনমন্ত্রীর কক্ষে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আইনমন্ত্রী আনিসুল হকের উপস্থিতিতে ওই বৈঠকে আইন সচিব (লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক) শহীদুল হক, ইসি সচিব মো. সিরাজুল ইসলাম ও ইসির যুগ্ম সচিব (নির্বাচন পরিচালনা) জেসমিন টুলী উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্বাচনে পৌর মেয়রদের দলীয় প্রতীক এবং কাউন্সিলরদের জন্য নির্দলীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ বিষয়ে দীর্ঘ আলোচনা হলেও তা নাকচ করা হয়েছে ওই বৈঠকে।
বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, পৌরসভা নির্বাচনে মেয়রদের দলীয় প্রতীক এবং কাউন্সিলরদের জন্য নির্দলীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ রাখার বিষয়টি সাংঘর্ষিক। এ ছাড়াও পৌর মেয়ররা দলীয়ভাবে নির্বাচিত হলে পরিষদ পরিচালনায় প্যানেল মেয়র দলীয়ভাবে পাওয়া যাবে না। তখন নতুন জটিলতার সৃষ্টি হবে। গত ৪ নভেম্বর বুধবার কমিশন দলভিত্তিক পৌরসভায় নির্বাচনের জন্য স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচনের আচরণবিধি ও পরিচালনাবিধি সংশোধন করে। পরদিন বৃহস্পতিবার ভেটিংয়ের জন্য তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। গতকাল সংসদ ভবনে আইনমন্ত্রীর কক্ষে এ বিষয়ে দীর্ঘ আলোচনা হয়।
সংসদ ভবনে অনুষ্ঠিত গতকালের বৈঠকে উপস্থিত একটি সূত্র জানিয়েছে, ব্যালট পেপারের আদলে কমিশনের পক্ষ থেকে সকল প্রার্থীর জন্য সমন্বিত একটি পোস্টার ছাপানোর বিষয়টি নিয়েও উপস্থিত সকলেই একমত হয়েছেন। সে ক্ষেত্রে প্রার্থীরা ব্যক্তিগতভাবে পোস্টার ছাপানোর সুযোগ পাবেন না। একটি পোস্টারের মধ্যে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সবক’জন প্রার্থীর নাম ও প্রতীক থাকবে। এতে ব্যালট সম্পর্কে ভোটাররা আগে থেকেই একটি স্বচ্ছ ধারণা পাবেন। ওই পোস্টারকেই পরে ব্যালট আকারে সরবরাহ করা হবে। এতে প্রার্থীদের খরচও কমবে এবং আচরণবিধি লঙ্ঘনের প্রবণতাও নিয়ন্ত্রণে থাকবে। তবে বিষয়টি গতকালের বৈঠকে চূড়ান্ত করা হয়নি। এ বিষয়ে সরকারের হাইকমান্ডের সঙ্গে আলোচনার পরে চূড়ান্ত করা হবে।
বৈঠক সূত্র জানায়, নির্বাচন পরিচালনা বিধিমালায় ইসির সিদ্ধান্ত ছিল তফসিল ঘোষণার তিন দিনের মধ্যে নিবন্ধিত দলের মনোনয়ন কর্তৃপক্ষ কে হবেন, তা চিঠি দিয়ে রিটার্নিং কর্মকর্তা ও ইসি সচিবালয়কে অবহিত করতে হবে। আইন মন্ত্রণালয় এই সময় তিন দিন বাড়িয়ে পাঁচদিন করার কথা বলেছে। ইসি সচিবালয় থেকে স্বতন্ত্র মেয়র প্রার্থীদের জন্য ১০০ ভোটারের এবং কাউন্সিলরদের ক্ষেত্রে ২০ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের কথা বলা হয়েছিল। আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়টিতেও কিছুটা পরিবর্তন আনতে বলা হয়েছে।
ইসি সচিব মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, আইন মন্ত্রণালয় থেকে কিছু বিষয় বাদ এবং কিছু বিষয়ে যোগ করতে বলা হয়েছে। তাদের মতামতসহ আচরণবিধি ও পরিচালনাবিধি কমিশন সভায় আবার উত্থাপন করা হবে। এরপর বিষয়টি আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
ইসির ঊর্ধ্বতন একটি সূত্র জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবারের মধ্যেই ভেটিং চূড়ান্ত করে গেজেট প্রকাশ করা হবে। সে ক্ষেত্রে ১৫ নভেম্বরেই নির্বাচন উপযোগী ২৪৫ পৌরসভার তফসিল ঘোষণা করা হতে পারে। সে ধারাবাহিকতায় ডিসেম্বরের শেষ সপ্তাহের যেকোনো দিন একযোগে সব পৌরসভায় ভোটগ্রহণ করা হতে পারে ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এসএসসি পরীক্ষায় ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায় :… পরবর্তী সংবাদ শেরপুরে নকল ওষুধ বিক্রির দায়ে ওষুধ ব্যবসায়ীর ৪…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads