স্টাফ রিপোর্টার : শেরপুর জেলায় এবার এক লাখ ৯৮ হাজার ৩০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। তন্মধ্যে ৬-১১ মাস বয়সী ২০ হাজার ৬৮৭ জন শিশুকে ১ টি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৭৭ হাজার ৬১৩ জন শিশুকে লাল রঙের ১ টি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য জেলায় ২৮ টি ভ্রাম্যমান কেন্দ্র সহ এক হাজার ৪৪৬ টি টিকাদান কেন্দ্র নির্ধারন করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে এসব ক্যাপসুল খাওয়ানে হবে।
শেরপুর জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে স্থানীয় সাংবাদিকদের সাথে জেলা স্বাস্থ্য বিভাগের মতবিনিময় সভায় সিভিল সার্জন ডা. মো. আনোয়ার হোসেন এতথ্য জানান। ১০ নভেম্বর মঙ্গলবার সিভিল সার্জন অফিস সভাকক্ষে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় নিজ নিজ মিডিয়ায় গুরুত্বপূর্ন প্রতিবেদন ও সংবাদ প্রকাশ করে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন সফল করতে সাংবাদিকদের নিকট আহ্বান জানানো হয়।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ভিটামিন ‘এ’ শুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে তাই নয়, এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও হামের জটিলতা এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়। এজন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত শিশুমৃত্যু প্রতিরোধ করতে সরকার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন করে যাচ্ছে।
এসময় নিকট শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ানোর প্রয়োজনীয়তা এবং এ ক্যাম্পেইনের গুরুত্ব তুলে অন্যান্যের মধ্যে ডা. নিলাদ্রি হোড় ও ইউনিসেফ জেলা সমন্বয়কারী অকুল বড়–য়া, প্রেসকাব সেক্রেটারী সাবিহা জামান শাপলা প্রমুখ বক্তব্য রাখেন। এতে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।




