স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) আয়োজনে আগামী ১১ অক্টোবর শুরু হচ্ছে জেলা ফুটবল লীগ-২০১৫। এবারের লীগে নতুন তিনটি কাবসহ মোট ১২টি ক্লাব অংশগ্রহণ করছে। ৭ অক্টোবর বুধবার বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ডিএফএ’র সভায় লীগে অংশগ্রহণকারী দলগুলোর ফিকশ্চার চুড়ান্ত করা হয়েছে। ডিএফএ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ অদু’র সভাপতিত্বে সাধারন সম্পাদক মানিক দত্ত, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজিমুল হক নাজিম, ডিএফএ কর্মকর্তা, লীগ কমিটি ও ক্লাব প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।
ডিএফএ সাধারন সম্পাদক মানিক দত্ত জানান, লীগে অংশগ্রহণকারী ১২টি দল ৪ গ্রুপে ভাগ হয়ে রাউন্ড রবীন লীগ ভিত্তিতে খেলবে। গ্রুপের সর্বোচ্চ পয়েন্টধারী দল সেমিফাইনালে খেলবে। সেমিফাইনালের বিজয়ী দুই দল ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে। লীগটি ‘শেখ কামাল নিটল টাটা শেরপুর জেলা ফুটবল লীগ-২০১৫’ নামে অভিহিত হবে। লীগ পরিচালনায় বাফুফে এবং জেলা ক্রীড়া সংস্থা সার্বিকভাবে সহায়তা করছে।
লীগে অংশগ্রহণকারী দলগুলোর গ্রুপিং হলো : ‘এ’ গ্রুপে-গতলীগের চ্যাম্পিয়ন কাকলী স্পোর্টিং ক্লাব, উত্তরা স্পোর্টিং ক্লাব ও চলন্তিকা সংঘ। ‘বি’ গ্রুপ-গতবারের রানারআপ চকপাঠক ক্রীড়াচক্র, সূর্যসেনা স্পোর্টিং ক্লাব ও সবুজসেনা। ‘সি’ গ্রুপ-হাজী জালমামুদ কলেজ, দূর্বার তরুণ সংঘ ও প্রবীণ একাদশ। ‘ডি’ গ্রুপ-মোহাম্মদ আলী স্পোর্টিং ক্লাব, অ্যাকটিভ ক্লাব ও রাইজিং স্টার ক্লাব।
ডিএফএ সাধারন সম্পাদক আরও জানান, আগামী ১১ অক্টোবর উদ্বোধনী দিনে গতবারের চ্যাম্পিয়ন কাকলী স্পোটিং ক্লাব বনাম উত্তরা স্পোর্টিং ক্লাবের মধ্যেকার খেলা দিয়ে এবারের ফুটবল লীগ মাঠে গড়াবে। জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম ফুটবল লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ডিএফএর তালিকাভুক্ত কাবগুলোকে লীগে অংশগ্রহণকরার জন্য ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। নতুন তিনটি ক্লাব দূর্বার তরুণ সংঘ, অ্যাকটিভ ক্লাব ও রাইজিং স্টার ক্লাব ৫ হাজার টাকা করে ডিএফএ’র তহবিলে জমা দিয়ে খেলায় অংশগ্রহণ করছে। নতুন দলগুলোর মধ্যে কোন দল সেমিফাইনালে উত্তীর্ণ হলে তাদের ডিএফএর সদস্যপদ প্রদান করা হবে। শেরপুর জেলার খেলোয়াড়রাই কেবল লীগে অংশগ্রহণ করতে পারবে।

























