স্টাফ রিপোর্টার : শেরপুরে গৃহবধূ কলেজছাত্রী নুরানী আক্তার হিমুর (২৫) মৃত্যুর ঘটনায় স্বামী শাহেদুজ্জামান শাহেদ (২৭) সহ ৪ জনকে আসামী করে মামলা রুজু হয়েছে। বুধবার রাতে হিমুর মা বিউটি বেগম বাদী হয়ে যৌতুকের জন্য মারপিটে হত্যার অভিযোগে সদর থানায় ওই মামলা দায়ের করেন। ওই মামলায় স্বামী শাহেদ ও আব্দুল জলিল (৩৫) নামে ২ জনকে গ্রেফতার দেখিয়ে ৭দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বৃহস্পতিবার দুপুরে আদালদে সোপর্দ করা হলে ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোমিনুল ইসলাম রবিবার রিমান্ড শুনানীর তারিখ ধার্য করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জানা যায়, মঙ্গলবার রাতে শহরের রঘুনাথ বাজার এলাকায় মাইক্রোবাসে বহন করা অবস্থায় পুলিশ উদ্ধার করে গৃহবধূ কলেজছাত্রী নুরানী আক্তার হিমুর লাশ। সে শহরের মধ্যশেরী শিংপাড়া মহল্লার শাহেদুজ্জামান শাহেদের স্ত্রী ও শেরপুর সরকারী কলেজের ব্যবস্থাপনা বিভাগের অর্নাস শেষবর্ষের ছাত্রী। ওইসময় তার স্বামী শাহেদকেও আটক করে পুলিশ। ওই ঘটনায় রাতে হিমুর মা বাদী হয়ে স্বামী শাহেদসহ ৪ জনকে স্বনামে ও অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করে যৌতুকের জন্য মারপিটে হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায় অন্যান্য আসামীরা হচ্ছে শাহেদের বাবা সেকান্দর আলী (৫৬), বড়বোন শামীমা আক্তার সুইটি (২৯) ও অনাত্মীয় আব্দুল জলিল (৩৫)। পুলিশ রাতেই আব্দুল জলিলকে গ্রেফতার করে। নকলা উপজেলার চরবাছুরআলগি গ্রামের বাসিন্দা গৃহবধূ হিমুর বাবা আব্দুল হালিম ও মা বিউটি আক্তারের অভিযোগ করে বলেন, হিমুর স্বামী একজন জুয়াড়ি। সে আইপিএল নামে ক্রিকেট জুয়ার সাথে জড়িত থাকায় টাকার জন্য মাঝে-মধ্যেই হিমুকে শারীরিকভাবে নির্যাতন করতো। টাকার কারণে শারীরিক নির্যাতন করে তাকে হত্যা করে লাশ গুমের চেষ্টা করা হয়েছে। অপরদিকে বৃহস্পতিবার কোর্ট হেফাজতে থাকা স্বামী শাহেদের দাবি, তার স্ত্রী হিমু বিষপানে আত্মহত্যা করেছে।
এদিকে আব্দুল জলিল নামে স্থানীয় কোনাচিয়াপাড়া এলাকা থেকে শাহেদের এক অনাত্মীয়কে ওই মামলায় জড়ানো এবং গ্রেফতারের ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, আব্দুল জলিলের সাথে গৃহবধূর স্বামী শাহেদ বা তার পরিবারের কারও সাথে আত্মীয়তা বা ঘনিষ্ঠতা না থাকা সত্বেও পারিবারিক বিষয়কেন্দ্রিক মামলায় তাকে জড়িয়েছে স্থানীয় একটি অশুভ মহল। তাকে জড়ানোর ঘটনায় এলাকাবাসী সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
























