ads

বুধবার , ২ সেপ্টেম্বর ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ক্রিকেটের নতুন মঞ্চে স্বাগত বাংলাদেশ

খবর টি পড়েছেন : ১৮৫
ক্রিকেটের নতুন মঞ্চে স্বাগত বাংলাদেশ
পড়ার সময়: ৫ মিনিট
ফন্ট:

mashশ্যামলবাংলা স্পোর্টস : পৃথিবীতে কত বড় বড় কাজ করেছে মানুষ। স্বপ্নও সত্য করে দেখিয়েছে। মানুষ দেখিয়েছে_ মনের জোরে ও ইচ্ছাশক্তির প্রাবল্যে অসম্ভব কিছু নেই। মিরপুরে গতকাল যে মানুষগুলো নিজেদের প্রবল ইচ্ছাশক্তির কথা শোনালেন, বললেন স্বপ্ন ও সম্ভাবনার কথা, সেগুলো শুনলে মনে হবে, আসলেই মানুষ পারে না এমন কিছু নেই পৃথিবীতে!
বাংলাদেশ পারে না_ এমন কিছুও বোধহয় নেই! বাংলাদেশের ক্রিকেটের যাত্রাটা খুব বেশি পুরনো নয়। এরই মধ্যে অনেক বড় বড় ঘটনা ঘটিয়ে ফেলেছে। আজ আরও একটি বড় ঘটনা ঘটতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটে। ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো মঞ্চস্থ হবে শারীরিক প্রতিবন্ধী মানুষদের বহুজাতিক আন্তর্জাতিক টুর্নামেন্ট। স্বাগতিক বাংলাদেশসহ যেখানে খেলছে ইংল্যান্ড, ভারত, পাকিস্তান ও আফগানিস্তান। এর আগে দু’দেশের অংশগ্রহণে সিরিজ হয়েছে বেশ কয়েকটি। ভারত ইংল্যান্ডের সঙ্গে, পাকিস্তান ইংল্যান্ড ও আফগানিস্তানের সঙ্গে এবং আফগানিস্তান ইংল্যান্ডের সঙ্গে খেলেছে। তবে, বহুজাতিক টুর্নামেন্ট এই প্রথম! আর পাঁচ দেশের নয় দিনব্যাপী এই টি২০ টুর্নামেন্টের স্বাগতিক হিসেবে সেই গৌরবমাল্য পরবে বাংলাদেশ! এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে, আজ সকাল ১০টায় উপস্থিত থেকে ‘শুভ উদ্বোধন’ উচ্চারণ করবেন শারীরিক প্রতিবন্ধীদের বরাবরের সুহৃদ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পরই মাঠে গড়াবে স্বাগতিক বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার টুর্নামেন্টের প্রথম ম্যাচটি।
আজ মিরপুরে টুর্নামেন্ট শুরু হলেও বাকি খেলাগুলো অনুষ্ঠিত হবে সাভারে অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে বহুজাতিক এ টুর্নামেন্ট। বিকেএসপি এ টুর্নামেন্টের অন্যতম সহযোগী আয়োজক। এই টুর্নামেন্টের ম্যাচগুলো দর্শকদের দেখার জন্য স্টেডিয়ামের গেট উন্মুক্ত থাকবে। গতকাল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, ফাইনাল ম্যাচটি মিরপুরে স্থানান্তরিত করা হবে কি-না এ বিষয়ে বিসিবি চিন্তাভাবনা করবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইসিআরসি বাংলাদেশের প্রধান প্রতিনিধি ক্রিস্টিন চিপোলো, আইসিআরসি বাংলাদেশের শারীরিক পুনর্বাসন প্রকল্পের ব্যবস্থাপক গার্ড ভ্যান ডে ভ্যালডে ও এই টুর্নামেন্টের শুভেচ্ছাদূত বাংলাদেশের সীমিত ওভার ক্রিকেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আমাদের যেহেতু অনুশীলন চলছে এবং যেহেতু অধিকাংশ ম্যাচই বিকেএসপিতে, সেহেতু যতটা ম্যাচ দেখা যায় সেটা চেষ্টা করব দেখার।’ তিনি আরও বলেন, ‘এই মানুষগুলোকে দেখে অন্য যারা শারীরিকভাবে পিছিয়ে পড়া মানুষ আছেন তারা জীবনকে অন্যভাবে ভাবতে শিখবেন বলে আমি বিশ্বাস করি। অন্যান্য দেশের সুযোগ-সুবিধা হয়তো আমাদের চেয়ে বেশি। বাংলাদেশের খেলোয়াড়দের জন্য এই টুর্নামেন্ট একটা বড় সুযোগ নিজেকে মেলে ধরার। আমি কারও প্রতি সহানুভূতি দেখাতে চাই না। তবে শুভ কামনা থাকবে। বাংলাদেশের প্রতি যেমন শুভ কামনা, তেমনি প্রতিটি দলের জন্যও শুভ কামনা।
বাংলাদেশে অনুষ্ঠিত এই টুর্নামেন্টটা যে একটা মাইলফলক সেটা বোধহয় দেরিতে হলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বুঝেছে। তারা তাই তাদের পর্যবেক্ষক হিসেবে পাঠাচ্ছে বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে। এ তথ্য গতকাল জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী। বাংলাদেশের এই খেলোয়াড়দের নিয়ে সামনের দিনে লক্ষ্য কী জানতে চাইলে নিজামউদ্দীন চৌধুরী জানিয়েছেন, এ ব্যাপারে বিসিবির নীতিগত সিদ্ধান্ত আছে, যা পরে জানানো হবে।
কর্মকর্তাদের এই সংবাদ সম্মেলন শেষেই বাংলাদেশ দলের জার্সি উন্মুক্ত করা হয়। বাংলাদেশ জাতীয় শারীরিক প্রতিবন্ধী দলের অধিনায়ক আলম খানের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন মাশরাফিও। ক্রিস্টিনা চিপলো তখন আলমকে তার স্বরে বলছিলেন, মাশরাফির মতো কলার উঁচু করো। সক্ষম-অক্ষম সবাই শক্তিশালী ও সমান ক্রিস্টিনা বোধহয় এ বার্তাটাই পেঁৗছে দিতে চাইলেন!
এর পরপরই অংশগ্রহণকারী পাঁচ দলের অধিনায়ক টুর্নামেন্টের ট্রফি উন্মুক্ত করবেন। তার পর পাঁচ অধিনায়ক আনুষ্ঠানিকভাবে কথা বলেন। বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধী দল গঠিতই হয়েছে মাত্র আট মাস আগে। ফলে, এই দলটাই সবচেয়ে অনভিজ্ঞ। সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক আলম খান অন্য শারীরিক প্রতিবন্ধীদের জন্য বললেন অনুপ্রেরণাদায়ী কথা, ‘তিন-চার মাস অনুশীলন করেছি। অনুশীলন ভালো হয়েছে। এ রকম টুর্নামেন্ট হলে ভবিষ্যতেও বাংলাদেশ থেকে ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে এবং যাদের শারীরিক সমস্যা আছে, তারা বাংলাদেশ দলে খেলার স্বপ্ন দেখবে।’ আর সমাজের মূল স্রোতে থাকা স্বাভাবিক ব্যক্তিদের উদ্দেশে তার আহ্বান হলো, ‘আমাদেরকে সমাজের যারা অন্য চোখে দেখেন, তারা অবশ্যই আমাদের খেলা দেখে ভাববেন যে, আমরাও দেশকে কিছু দিতে পারি বা দেশের জন্য কিছু করতে পারি। সমাজে যারা আছে তারাও আমাদের পাশে এগিয়ে আসবেন।’
ইংল্যান্ডের অধিনায়ক ইয়ান নেইরন বললেন, দুর্দান্ত সব কথা_ ‘আমরা বিশ্বকে দেখাতে চাই যে, অক্ষমতা আমাদের সক্ষমতা দেখানোর ক্ষেত্রে প্রতিবন্ধক নয়। আমরা দেখাতে চাই যে, একজন টেস্ট ক্রিকেটার যে শট খেলতে পারে আমরাও সে শট খেলতে পারি। তারা যে বল করতে পারে বা ক্যাচ ধরতে পারে, আমরাও তা পারি। সর্বোপরি, আগামীকালের (আজ) ম্যাচটি খেলার জন্য মুখিয়ে আছি।’ কী অসাধারণ কথাগুলোই না বললেন নাইরন!
পাকিস্তানের অধিনায়ক হাসনাইন আলম বললেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনার ইচ্ছাশক্তি।’ পাকিস্তানে যে ৬০০-৭০০ শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটার আছে সেটাও জানালেন। বাড়তি তথ্য হিসেবে জানালেন, এ পর্যন্ত তার দল আফগানিস্তানের সঙ্গে দুটি ও ইংল্যান্ডের বিপক্ষে একটি সিরিজ খেলে প্রতিটিই জিতেছে। টুর্নামেন্টে যে তার দলই ফেভারিট, সেটাই যেন জানিয়ে দিলেন। অন্যভাবে বললে ‘মাইন্ড গেম’ খেললেন আর কী!
ভারতের অধিনায়ক কথাবার্তায় হাসনাইন আলমের মতো অতটা পটু নন। তবু বললেন, ‘আমাদের খেলাকে বরাবর মনে করার জন্য ও বাহবা দেওয়ার জন্য আইসিআরসিকে ধন্যবাদ।’ আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ আরশাদ যে টুর্নামেন্টে বহুদূর যেতে চান সেটাই ব্যক্ত করে বললেন, ‘আমরা প্রস্তুত। আমরা খুব ভালো দল। আশা করি, আমরা অনেক দূর যেতে পারব।’
এই টুর্নামেন্ট হচ্ছেই এ মানুষগুলোকে অনেক দূর এগিয়ে নিতে। শারীরিকভাবে অক্ষম এ মানুষগুলোর সক্ষমতা বিশ্বকে দেখিয়ে দেওয়ার মঞ্চ এই টুর্নামেন্ট। এখন ঘোষণা করার সময়_ ‘আমরাও পারি!’

Need Ads
পূর্ববর্তী সংবাদ সংকট হবে না কোরবানি পশুর, ঘাটতি পূরণ মায়ানমার… পরবর্তী সংবাদ কুমিল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জিরা সুমন নিহত

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads