নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে স্বামী পরিত্যাক্তা এক নারীকে (৪২) গভীর রাতে অসৎ উদ্দেশ্যে ডাকাডাকি করে উত্যক্ত করায় ৪ যুবককে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ১৬ আগস্ট রবিবার দুপুর ২টার দিকে ৪ যুবককে আদালতে প্রেরণ করেছে নালিতাবাড়ী থানা পুল্শি। শনিবার গভীর রাত আড়াইটার দিকে উপজেলার আন্দারুপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।
জানা যায়, আন্দারুপাড়া গ্রামের স্বামী পরিত্যাক্তা সাহেরা খাতুন (৪২) একমাত্র নাতী নীরবকে (৫) সঙ্গে নিয়ে একাকী বাড়িতে বসবাস করেন। তার একাকিত্বের সুযোগে প্রায় সময়ই রাত গভীর হলে স্থানীয় কতিপয় যুবক দরজা খুলতে বলে। শনিবার দিবাগত রাত ২টার দিকে ওই মহিলার ঘরের চারপাশ ঘিরে স্থানীয় কতিপয় যুবক দরজা খুলে দিতে ডাকাডাকি করলে ওই নারী মোবাইল ফোনে নিকটাত্মীয়দের ডাকেন। বিষয়টি আগে থেকেই এলাকাবাসী জানতো বিধায় দ্রুত আশপাশের লোকজন ছুটে এসে ওই যুবকদের ধাওয়া করেন। একপর্যায়ে একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে বাবুল (৩০) ও শাহ জামালের ছেলে শামীম (২৮) নামে দুই যুবক পালিয়ে গেলেও হাতেনাতে একই গ্রামের আঃ রহিমের ছেলে আঃ লতিফ (২৪), ভজমদ্দিনের ছেলে দুলাল মিয়া (২২), হযরত আলীর ছেলে আনোয়ার হোসেন (২০) ও মৃত সিদ্দিকের ছেলে আরিফ হোসেন (২৩) কে ধরে ফেলেন। রবিবার সকালে আটককৃতদের নালিতাবাড়ী থানায় সোপর্দ করা হয়।
নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ফায়েজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
























