স্টাফ রিপোর্টার : সন্ত্রাস-জঙ্গীবাদ নির্মূল, নারী ও শিশু পাচার রোধ এবং বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে শেরপুরে ওলামা-মাশায়েখ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট বুধবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে ইসলামিক ফাউন্ডেশন ‘দাওয়াতি কর্মশালা’ নামে দু’দিনব্যাপি ওই সমাবেশের আয়োজন করেছে। সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই কর্মশালার উদ্বোধন করেন। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল। ওই সময় হুইপ আতিউর রহমান আতিক এমপি বলেন, শেখ হাসিনার সরকার সন্ত্রাস-জঙ্গীবাদ নির্মূলসহ নারী-শিশু পাচার ও বাল্যবিয়ে প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, এ ধরনের কর্মশালার মাধ্যমে আলেম-ওলামা মাশায়েখদের সাথে সরকারের সম্পর্ক উন্নয়ন ঘটবে এবং ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে। এতে ধর্মের নামে সামাজিক কুসংস্কার ও গোঁড়ামি কমে আসবে।
উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদ আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকার মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েজিদ হাসান, পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম, ইফা উপ-পরিচালক হাবেজ আহমদ প্রমুখ। কর্মশালায় জেলার প্রতিটি ইউনিয়নের প্রধান প্রধান মসজিদের ইমাম, ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম, কুরআন শিক্ষা ও প্রাক-প্রাথমিক শিক্ষাকেন্দ্রের শিক্ষক-শিক্ষিকাসহ বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক আলেম-ওলামা অংশ নিয়েছেন।
























