বিশেষ প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলার শিক্ষক-সাংবাদিক মো. মোশারফ হোসেন ২০১৪ সালে সেরা সংগঠক নির্বাচিত হয়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়ের সেকায়েপ পরিচালিত বিশ্ব সাহিত্য কেন্দ্র পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর সংগঠকদের মধ্যে জরিপ করে সেরা সংগঠক নির্বাচন করেন। জরিপে বানেশ্বর্দী ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষক, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন নকলা উপজেলা শাখার সভাপতি, নকলা উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি ও প্রভাতী বিদ্যাপীঠের পরিচালক মো. মোশারফ হোসেন সেরা সংগঠক নির্বাচিত হন। এ উপলক্ষে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইস্ফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে ১ আগস্ট সকাল ১০ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেরা সংগঠক উদ্দীপনা পুরস্কার ও সনদ পত্র মোশারফের হাতে তুলে দেন। অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক প্রফেসর ফাহিমা খাতুন এবং অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক, সেকায়েপ ড. মাহমুদ-উল-হক উপস্থিত ছিলেন। তাছাড়া বাংলা একাডেমীর মহা-পরিচালক শামছুজ্জামান খান, বিশ্ব সাহিত্য কেন্দ্রের কো-অর্ডিনেটর শরিফ মো. মাসুম, সেরা সংগঠক মোশারফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
























