শ্যামলবাংলা স্পোর্টস : চট্টগ্রামে বৃষ্টির কারণে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট ড্র হয়েছে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার দুপুর ১২টায় পঞ্চম ও শেষ দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার রিচার্ড কেটেলবরো ও জোয়েল উইলসন। আর এর মধ্য দিয়েই প্রোটিয়াদের বিপক্ষে টেস্টে প্রথম ড্রটি পেয়ে গেল বাংলাদেশ।
শুক্রবারের মতো শনিবার ভোর থেকেই চট্টগ্রামে শুরু হয় মুষলধারে বৃষ্টি। বৃষ্টির কারণে হোটেল রূমেই বন্দি ছিলেন বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। কাভার দিয়ে পিচ দিয়ে ঢেকে রাখা হয়। এর আগে বৃষ্টিতে ভেসে যায় চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা। বৃহস্পতিবার (২৪ জুলাই) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একটি বলও মাঠে গড়ায়নি। শেষ পর্যন্ত দিনের খেলাই পরিত্যক্ত ঘোষণা করা হয়। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের চেয়ে ১৭ রানে পিছিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা।
দুই প্রোটিয়া ওপেনার স্টিয়ান ভ্যান জিল ৩৩ ও ডিন এলগার ২৮ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেন। ২১.১ ওভার ব্যাট করে বিনা উইকেটে ৬১ রান সংগ্রহ করে প্রোটিয়ারা।
প্রথম ইনিংসে দ. আফ্রিকার করা ২৪৮ রানের জবাবে ১১৬.১ ওভার ব্যাট করে ৩২৬ রানে অলআউট হয় বাংলাদেশ। এতে করে প্রোটিয়াদের চেয়ে ৭৮ রান এগিয়ে থাকে স্বাগতিকরা। টাইগারদের হয়ে অর্ধশতক হাঁকান তামিম ইকবাল (৫৭), মাহামুদুল্লাহ রিয়াদ (৬৭) এবং লিটন দাশ (৫০)। ওপেনার ইমরুল কায়েসের ব্যাট থেকে আসে ২৮ রান।

























