ময়মনসিংহ প্রতিনিধি : ডাঃ কে. জামান বিএনবিএসবি চক্ষু হাসপাতাল প্রতিবারের ন্যায় এবারও বৃহত্তর ময়মনসিংহ জেলার দরিদ্র-সাধারণ জনগণের মাঝে চক্ষু স্বাস্থ্য সেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাইসাইকেল র্যালী, পথ নাটকসহ সপ্তাহব্যাপী কর্মসূচীর আয়োজন করেছে। উক্ত কর্মসূচীর আওতায় বাইসাইকেল র্যালী আরম্ভ হয়ে মুক্তাগাছা, চেচুয়া, জামালপুর, শেরপুর, নকলা, নালিতাবাড়ী, ফুলপুর, তারাকান্দা, নেত্রকোনা, বারহাট্টা, মোহনগঞ্জ পরিভ্রমন করে ময়মনসিংহ এসে শেষ হয়েছে। বাইসাইকেল র্যালীতে সহযোগী সংগঠন ‘মাটি’র দেশী-বিদেশী ১৫ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেছেন।

ডাঃ কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল প্রাঙ্গণ থেকে দৃষ্টি পদযাত্রা শুরু হয়ে শিল্পাচার্য জয়নুল আবেদীন উদ্যানে পথনাটক ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচী সমাপ্ত হয়। দৃষ্টি পদযাত্রা ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল কার্যনির্বাহী কমিটি’র অবৈতনিক সাধারণ সম্পাদক অধ্যাপক এ. জেড. এম. মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ আজিজুর রহমান বকুল, সদস্য মোঃ মোমতাজ উদ্দিন, এড. এ.এফ.এম আনোয়ারুল হক, ফেরদৌসুর রহমান হিরু, আমিনুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের চিকিৎসকবৃন্দ ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আরও উপস্থিত ছিলেন টিআইবির কর্মকর্তা ও ইয়েস সদস্যবৃন্দ, পথনাটক পরিবেশনকারী নাট্যদল অনসাম্বল থিয়েটারের সদস্যবৃন্দ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
হাসপাতাল প্রাঙ্গন থেকে দৃষ্টি পদযাত্রা উদ্বোধন করেন ময়মনসিংহের পৌর মেয়র ইকরামুল হক টিটু এবং শিল্পচার্য জয়নুল আবেদীন উদ্যানে পথনাটক ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আহাদ। অনুষ্ঠানে সার্বিক পরিচালনায় ছিলেন ডাঃ কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের কো-অর্ডিনেটর শরীফুজ্জামান পরাগ।
হোস্টেলে সিট বরাদ্দে অনিয়ম, শিক্ষার্থীকে মারধরের অভিযোগে
ময়মনসিংহ নার্সিং কলেজের অধ্যক্ষ ও হাউস কীপারের পদত্যাগ দাবীতে ক্লাস-পরীক্ষা বজর্ন করেছে বিএসসি কোর্সের শিক্ষার্থীরা

ময়মনসিংহ নার্সিং কলেজে হোস্টেলে সিট বরাদ্দে অনিয়ম, শিক্ষার্থীকে মারধর এবং নানা অব্যবস্থাপনার অভিযোগে বিএসসি ইন নার্সিং কোর্সের শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ ও হাউস কীপারের পদত্যাগের দাবীতে অনির্দিষ্টকালের ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচী পালন করছে । শিক্ষার্থীদের কর্মসূচীর কারনে ক্যাম্পাসে অচলাবস্থা বিরাজ করছে।
শিক্ষার্থীরা জানায়, গত ১৮ তারিখ হোস্টেলে সিট বরাদ্দ নিয়ে ঝামেলা হলে হাউস কীপার মিসেস নাজমুন্নাহার বিএসসি কোর্সের তিন ছাত্রীকে মারধর করে। বিষয়টি অধ্যক্ষকে জানালে তিনি হাউস কীপারের পক্ষ নেন। পরবর্তীতে বিষয়টি সমাধান না হওয়ায় বিএসসি ইন নার্সিং কোর্সের শিক্ষার্থীরা অধ্যক্ষ ও হাউস কীপারের পদত্যাগের দাবীতে গতকাল (২৬ সেপ্টেম্বর) থেকে অনির্দিষ্টকালের ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচী শুরু করে ।
আজ সোমবার থেকে ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি অবস্থান কর্মসূচী পালন করছে শিক্ষার্থীরা। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।




