পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীকে জেলা ঘোষণার দাবিতে এক বিশাল মানবন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর শুক্রবার সকালে ‘ঈশ্বরদী জেলা দাবি আন্দোলন বাস্তবায়ন কমিটি’র আয়োজনে উপজেলার পাকশীর রূপপুর পাকার মোড়ে ওই কর্মসূচী পালন করা হয়। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘন্টা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা হাতে হাত ধরে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে ওই মানবন্ধন কর্মসূচী পালন করে।
এ সময় এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন ঈশ্বরদী জেলা দাবি আন্দোলন বাস্তবায়ন কমিটি’র আহবায়ক প্রভাষক আ.ফ.ম. রাজিবুল আলম ইভান, সদস্য সচিব অধ্যক্ষ আসলাম উদ্দিন, প্রভাষক সাদ আহমেদ, শফিকুল ইসলাম, নাসিম রেজা, সাংবাদিক সেলিম আহমেদ, মহিদুল ইসলাম, শেখ মহসীন প্রমুখ।
বিভিন্ন দিক থেকে অনেক জেলার চেয়ে ঈশ্বরদী উপজেলা অনেক গুরুত্বপূর্ণ উল্লেখ করে বক্তারা বলেন, ২ অক্টোবর রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন তার মুখ থেকেই ঈশ্বরদীকে জেলা ঘোষণার জন্য দাবি জানানো হয় ওই কর্মসূচী থেকে।
উল্লেখ্য, ঈশ্বরদীকে জেলা ঘোষণার দাবিতে দীর্ঘ দিন থেকেই ঈশ্বরদীতে বিভিন্ন আন্দোলন-সংগ্রামসহ নানা কর্মসূচী পালিত হয়ে আসছে।




