শেরপুরের নালিতাবাড়ীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও শাড়ি বিতরণ করা হয়েছে। ১৬ অক্টোবর শুক্রবার বিকেলে উপজেলা ও শহর পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।

দুপুরে শহরের গোপাল জিউর মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালিটি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে শাড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট হরিদাস কর্মকার স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ান এবং শহর পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক তাপস কুমার দে।

দপ্তর সম্পাদক অভিজিৎ সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি হুমায়ুন কবির, উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া মাকসিম, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক রতন পাল, জ্যেষ্ঠ সহসভাপতি শংকর পাল এবং শহর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রঞ্জিত সাহা প্রমুখ।
অনুষ্ঠানে শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর পক্ষ থেকে দুই শতাধিক নারীর মধ্যে শাড়ি বিতরণ করা হয়। উপজেলার ১২টি ইউনিয়নের ২৬টি এবং পৌরসভার ১৫টিসহ মোট ৪১টি পূজামণ্ডপের নারীরা এ উপহার পান।




