শেরপুরের নালিতাবাড়ীতে ৭ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে মো. নাহিদ (১৩) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। ১৫ এপ্রিল শুক্রবার রাতে উপজেলার চাদঁগাও খামারবন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নাহিদ স্থানীয় কৃষক শাহাজ উদ্দিনের ছেলে ও বখাটে।

এদিকে শনিবার দুপুরে গ্রেফতারকৃত নাহিদকে আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিসিয়াল মো. আলমগীর আল মামুন তাকে জেলা কারাগারের মাধ্যমে টঙ্গীস্থ কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন। একইদিন আদালতে ভিকটিমের ২২ ধারা মোতাবেক জবানবন্দি এবং জেলা সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট উপ-পরিদর্শক খাইরুল ইসলাম।
জানা যায়, গত ১২ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে কিশোর নাহিদের এলাকারই অপর এক কৃষক পরিবারের ওই কন্যাশিশুকে খেলার ছলে ডেকে নিয়ে একটি পরিত্যক্ত ভাঙ্গা মাটির দালান ঘরে নিয়ে যায় নাহিদ। পরে তাকে জোরপূর্বক ধর্ষণ করলে শিশুটি কান্নাকাটি শুরু করে। পরে নাহিদ নিজেই তার বসতবাড়িতে এগিয়ে দিয়ে আসে শিশুটিকে। তবে ঘটনার বিষয়টি ফাঁস না করতেও চাপ দিয়ে আসে ওই শিশুকে। পরবর্তীতে শিশুটি ওই ঘটনার বিষয় তার জেঠির মাধ্যমে বাবাকে জানালে তার বাবা বিস্তারিত জেনে তিনি নালিতাবাড়ী থানায় অবহিত করেন। পরে শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নাহিদকে গ্রেফতার করে।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আম্মেদ বাদল বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। কন্যা শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত নাহিদকে আদালতে সোর্পদ করা হয়েছে।









