শেরপুরের ঝিনাইগাতীতে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগের প্রায় দুই মাস পেরিয়ে গেলেও অভিযুক্ত সাব্বির হোসেন (২০) এখনো গ্রেফতার হয়নি। তিনি উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গ্রামের মো. শামছুল হকের ছেলে। ওই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, শিশুটির বাবা-মা গোমড়া গুচ্ছগ্রামের বাসিন্দা। তারা কর্মসূত্রে ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। এ কারণে তাদের ১১ বছর বয়সী মেয়েকে গুচ্ছগ্রামে তার নানির কাছে রেখে যান। গত ২২ জুন শিশুটি বাড়িতে একা ছিল। এ সুযোগে প্রতিবেশী সাব্বির হোসেন শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। ওইসময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত সাব্বির হোসেন সেখান থেকে পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে ঝিনাইগাতী থানায় অভিযোগ দায়ের করেন। তবে ঘটনার প্রায় দুই মাস পেরিয়ে গেলেও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
এদিকে, অভিযুক্তের পক্ষের লোকজন মামলা তুলে নিতে বাদীর পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন শিশুটির

পরিবারের সদস্যরা। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নূর মোহাম্মদ বলেন, মামলাটি তার যোগদানের পূর্বের। তিনি বলেন, আসামি পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে আসামি গ্রেফতারের বিষয়ে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।




