শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের নাকশী গ্রামে পানিতে ডুবে মারা যাওয়া ২ শিশুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী।

২৪ আগস্ট সোমবার বিকেলে তিনি নিহত দুই শিশুর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে তাঁদের বাড়িতে যান। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং গভীর শোক ও সমবেদনা জানান।
মানবিক সহায়তার অংশ হিসেবে ফাহিম চৌধুরী পরিবার দুটিকে খাদ্যসামগ্রী দেন। পাশাপাশি দুই পরিবারের জন্য মোট ৫০ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।

ওইসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুজ্জামান, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর রোহান ও ইসমাইল নামের দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্যনাকশী গ্রামের একটি পুকুরে তাদের মরদেহ ভেসে ওঠে।
নিহত রোহান মধ্যনাকশী গ্রামের হযরত আলীর ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। একই গ্রামের ওবায়দুল আসলামের ছেলে ইসমাইল স্থানীয় বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।




