শেরপুরের নালিতাবাড়ীতে শহর যুবলীগের সহসভাপতি সোহেল মুন্সীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৭ এপ্রিল শুক্রবার রাতে উপজেলার কাপাসিয়া মোড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট নালিতাবাড়ী পৌর এলাকায় সংঘটিত ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি সোহেল মুন্সী। ওইদিন আওয়ামী লীগ সরকারের পতনকে কেন্দ্র করে শহরের বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি লুটপাটের ঘটনাও ঘটে। এ সময় নালিতাবাড়ী পৌর ভবনেও ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ঘটনার পর শেখ ফরিদ নামে এক ব্যক্তি বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা করেন, যেখানে সোহেল মুন্সীর নাম অন্তর্ভুক্ত রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবু তালেব জানান, গ্রেফতার হওয়া সোহেল মুন্সী মামলার এজাহারভুক্ত আসামি। শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




