ফের্মিন লোপেজের দুর্দান্ত জোড়া গোলে স্লাভিয়া প্রাগকে ৪-২ ব্যবধানে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে সরাসরি জায়গা করে নেওয়ার সম্ভাবনা জোরালো করেছে বার্সেলোনা।

মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই ধাক্কা খায় বার্সেলোনা। ম্যাচের ১০ম মিনিটে কর্নার থেকে টমাস হোলেসের ফ্লিক হয়ে আসা বলে কাছ থেকে গোল করে স্বাগতিক স্লাভিয়া প্রাগকে এগিয়ে দেন ভাসিল কুসেই। তবে ৩৪তম মিনিটে শক্তিশালী শটে সমতা ফেরান ফের্মিন লোপেজ। ৮ মিনিট পরই নিখুঁত কার্লিং শটে নিজের দ্বিতীয় গোল করে বার্সেলোনাকে এগিয়ে নেন তরুণ এই মিডফিল্ডার। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে অপ্রত্যাশিতভাবে আবার সমতা আসে, যখন কর্নার থেকে আসা বল বার্সেলোনার স্ট্রাইকার রবার্ট লেভান্দোস্কির কাঁধে লেগে নিজের জালেই ঢুকে যায়।
দ্বিতীয়ার্ধে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। নিষেধাজ্ঞার কারণে লামিন ইয়ামালকে না পেলেও কোচ হ্যান্সি ফ্লিকের শিষ্যরা আক্রমণে একের পর এক সুযোগ তৈরি করতে থাকে।
ঘণ্টা পার হওয়ার পর মাঠে নামেন দানি ওলমো ও ইংল্যান্ড ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। বদলি নামার তিন মিনিটের মধ্যেই ১৮ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন ওলমো। পরে রাশফোর্ডের বাড়ানো বল থেকে লেভানদোস্কি চতুর্থ গোলটি নিশ্চিত করেন।

এই হআরে সাত ম্যাচে মাত্র তিন পয়েন্ট নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেয় স্লাভিয়া প্রাগ।
অন্যদিকে পাঁচবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বার্সেলোনা উঠে এসেছে লিগ টেবিলের নবম স্থানে।
শেষ আটে সরাসরি জায়গা করে নিতে হলে আগামী বুধবার কোপেনহেগেনের বিপক্ষে ঘরের মাঠে জয়ের পাশাপাশি অন্য ম্যাচগুলোর ফল নিজেদের পক্ষে আশা করতে হবে। না হলে ফেব্রুয়ারিতে দুই লেগের প্লে-অফ খেলতে হবে কাতালান ক্লাবটিকে।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে স্প্যানিশ সুপার কাপ জিতেছে বার্সেলোনা। পাশাপাশি তারা লা লিগায় শীর্ষে রয়েছে এবং কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালেও জায়গা করে নিয়ে এখনো ‘কোয়াড্রুপল’ জয়ের স্বপ্ন ধরে রেখেছে।




