শেরপুরে কাঠ বোঝাই একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি উল্টে দাদা-নাতির মৃত্যু হয়েছে। ১৬ আগস্ট শনিবার দুপুরে সদর উপজেলার রৌহা ইউনিয়নের বেলতলী বাজারের পাশে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার হালগড়া গ্রামের বাসিন্দা মোফাজ্জল মিস্ত্রী ও তার নাতি হোসাইন (১১)। দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রৌহা ইউপি চেয়ারম্যান মো. সাইফুজ্জামান সোহেল।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কাঠ বোঝাই করে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে হালগড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন মোফাজ্জল মিস্ত্রী ও তার নাতি হোসাইন। ওইসময় মোফাজ্জল মিস্ত্রী পাশে বসে থাকায় ভ্যান চালাচ্ছিল তার নাতি হোসাইন। পথিমধ্যে বেলতলী বাজার সংলগ্ন স্থানে ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় হোসাইন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দাদা মোফাজ্জল মিস্ত্রীকে দ্রুত শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে দাদা-নাতির এমন আকস্মিক মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রৌহা ইউপি চেয়ারম্যান মো. সাইফুজ্জামান সোহেল জানান, মোফাজ্জল মিস্ত্রীর বাড়ি হালগড়া। শনিবার দুপুরে সে তার ভ্যানগাড়িতে কাঠ নিয়ে বাড়ি যাওয়ার পথে বেলতলী এলাকায় উল্টে যায়। ওইসময় দাদা মোফাজ্জল আর নাতি হোসাইন মারা যায়।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




