শেরপুরে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে মনোয়ারা বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ১৫ আগস্ট শুক্রবার দুপুরে জেলা শহরের নতুন বাসটার্মিনাল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। মৃত মনোয়ারা শেরপুর সদর উপজেলার বলায়েরচর ইউনিয়নের আনোয়ার হোসেনের স্ত্রী ও ৩ সন্তানের জননী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনোয়ারা বেগম তার বোনসহ কয়েকজনকে নিয়ে অটোরিকশায় শ্রীবরদীর বারোদুয়ারী মসজিদে মানতকৃত সিন্নি দিতে যাচ্ছিলেন। যাত্রাপথে তিনি চালকের পেছনে উল্টো সিটে বসেন। ওইসময় বাতাসে তার ওড়না চাকায় ঢুকে গেলেও তিনি টের পাননি। পরে ওড়না চাকায় পেঁচিয়ে তার গলায় ফাঁস লাগে এবং তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
বলাইয়েরচর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম মনির জানান, পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ দাফন করা হয়েছে।

শেরপুর সদর থানার ওসি (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।




