ইতিহাস গড়ার খুব কাছে গিয়েছিলেন হাসিতা বোয়াগোদা। যুব ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি করার। তবে ৯ রানের জন্য স্বপ্নটা ছুঁইতে পারেননি শ্রীলঙ্কার ব্যাটার। ২০১৮ সালে কেনিয়ার বিপক্ষে ১৯১ রানে থামেন হাসিতা। ডাবল সেঞ্চুরি করতে না পারার আক্ষেপে পুড়লেও সেদিন ঠিকই রেকর্ড গড়েছিলেন ২৬ বছর বয়সী ব্যাটার। যুব ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ইনিংসের মালিক হয়েছিলেন তিনি। কিন্তু এবার ওই রেকর্ডও হারালেন তিনি। ২৫ জুলাই শুক্রবার প্রথম ব্যাটার হিসেবে বিশ্বরেকর্ড গড়েছেন জরিক ফন স্কালভেইক। এদিন জিম্বাবুয়ের অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ২১৫ রানের এক বিস্ফোরক ইনিংস খেলেছেন দক্ষিণ আফ্রিকার ওই ওপেনার। হারারেতে ১৫৩ বলের ইনিংসটি সাজিয়েছেন ৬ ছক্কা আর ১৯ চারে।

গত সপ্তাহেই দক্ষিণ আফ্রিকার হয়ে যুব ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন স্কালভেইক। আর আজ নিজের রেকর্ড ভেঙে ইতিহাস লিখলেন ১৮ বছর বয়সী ওপেনার।
অথচ, যুব ওয়ানডের ক্যারিয়ার শুরু করেছিলেন ‘ডাক’ মেরে। বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারার প্রথম ম্যাচে ৯ বলে রানের খাতা খুলতে পারেননি তিনি।
অভিষেক ইনিংসে রানের খাতা খুলতে না পারা স্কালভেইক দ্বিতীয় ম্যাচে জায়গা হারালেন। তবে তৃতীয় ও শেষ ম্যাচে ফিরেই রেকর্ড গড়লেন তিনি। ১৬৪ রানের অপরাজিত এক ইনিংস খেলে।

১৪ চার ও ৪ ছক্কার ইনিংসে বনে যান যুব ওয়ানডে ক্রিকেটে প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলার মালিক। তাতে পেছনে পরে যায় ২০০০ সালে নেপালের বিপক্ষে ১৫৬ রানের ইনিংস খেলা দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার জ্যাকুয়েস রুডলফের ইনিংসটি।




