বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যা প্রচারণা এবং সম্প্রতি রাজধানীর মিডফোর্ড হাসপাতাল সংলগ্ন এলাকায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ এবং আইনশৃঙ্খলার অবনতির বিরুদ্ধে শেরপুর জেলা শ্রমিক দলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ জুলাই সোমবার বিকেলে শহরের রঘুনাথবাজারস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের সেখানে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম প্রধান অতিথি ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলী প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
জেলা শ্রমিক দলের সভাপতি মো. শওকত হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম, সদস্য সাইফুল ইসলাম স্বপন, এস.এম শহিদুল ইসলাম প্রমুখ।

এসময় নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শ্রমিক দল আজ আর নিছক রাজনৈতিক সংগঠন নয়, এটি হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের অপ্রতিরোধ্য শক্তি। তারেক রহমান দেশের গণতন্ত্রের প্রতীক। তাকে নিয়ে কোন চক্রান্ত বরদাস্ত করা হবে না ভবিষ্যতে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দল রাজপথেই রুখে দাঁড়াবে।
বিক্ষোভ মিছিলে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জুনসহ জেলা ও উপজেলার শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




