শেরপুরের নকলায় মাদক, জুয়া, চুরি, ছিনতাই, সন্ত্রাস, কিশোরগ্যাং, সাইবার অপরাধ, গুজব, ইভটিজিং বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকল্পে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই বৃহস্পতিবার বিকেলে নকলা থানা পুলিশের উদ্যোগে উপজেলার নারায়ণখোলা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত ওই ওপেন হাউজ ডে-তে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

সভার শুরুতে পুলিশ সুপার থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি সেবার মান ও থানা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে উপস্থিত সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে উন্মুক্ত আলোচনায় অংশ নেন। পরে তিনি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদক, জুয়া, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহসহ সমাজিক অপরাধ নিয়ন্ত্রণ করার লক্ষ্যে উপস্থিত সকলকে সামাজিক সচেতনতা বৃদ্ধি মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন এবং উম্মুক্ত আলোচনায় উঠে আসা বিভিন্ন বিষয় দ্রুত সময়ে মধ্যেই বাস্তবায়ন অঙ্গীকার ব্যক্ত করে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি কার্যক্রমে স্বস্ব অবস্থান থেকে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। পুলিশি সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে প্রান্তিক জনগোষ্ঠীর জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এই মতবিনিময় সভা বলে উল্লেখ করেন তিনি। একইসাথে যে কোনো ধরনের অপরাধ সর্ম্পকে তথ্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা জেলা পুলিশের হটলাইন নম্বর বা থানার অফিসার ইনচার্জ ও পুলিশ সুপারের সরকারি নম্বরে ফোন করে জানানোর আহবান করেন।

নকলা থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল করিম। ওইসময় সুধীজন, স্থানীয় জনসাধারণ, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।




