শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলায় আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ৮৩ বোতল ভারতীয় মদসহ শহিদুল ইসলাম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ১ জুলাই মঙ্গলবার বিকেলে গ্রেফতারকৃতকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে ৩০ জুন সোমবার রাতে উপজেলার বারোমারী বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শহিদুল ইসলাম উপজেলার ঢালুকোনা এলাকার মৃত হাতেম আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার দাওধারা ফরেস্ট অফিসের রাস্তার পাশে জঙ্গলে মাদকবিরোধী বিশেষ অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮-৯ জন ব্যক্তি জঙ্গলের ভিতরে মাথায় বস্তা নিয়ে পালিয়ে যায়। পুলিশ তাদের পিছু নেয় কিন্তু গভীর জঙ্গলে পথ না চেনার কারণে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরবর্তীতে দাওধারা ফরেস্ট অফিসের পাশে জঙ্গলে তল্লাশি চালিয়ে ৮৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়। পরে পালিয়ে যাওয়া আসামিদের ধরতে অভিযান চালিয়ে ওই মাদক কারবারে জড়িত শহিদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এ ঘটনায় নালিতাবাড়ী বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেফতারকৃত শহিদুল ইসলাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল। পালিয়ে যাওয়া বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।




