শেরপুরের নালিতাবাড়ীতে এক মানসিক ভারসাম্যহীন ভবঘুরে তরুণীকে (২৫) ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক জালাল মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। ১ জুলাই মঙ্গলবার দুপুরে শেরপুর সদর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জালাল মিয়া নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি গ্রামের জনু মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২৬ জুন বৃহস্পতিবার রাতে নালিতাবাড়ী উপজেলার বারোমারী বাজারে মানসিক ভারসাম্যহীন এক ভবঘুরে তরুণীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে জালাল মিয়ার বিরুদ্ধে। ওই ঘটনার সময় বাজারের পাহারাদার রেজাউল করিমসহ অন্যরা ধর্ষক জালাল মিয়াকে হাতেনাতে আটক করে। পরবর্তীতে স্থানীয় প্রভাবশালী এক নেতা জালাল মিয়াকে চড়থাপ্পড় মেরে ছেড়ে দেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ প্রশাসন ধর্ষিতা ভারসাম্যহীন তরুণীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠায়। পরে ওই বাজারের পাহারাদার রেজাউল করিম বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে ওই ঘটনার পর থেকে অভিযুক্ত ধর্ষক জালাল মিয়া পলাতক ছিল। এরই প্রেক্ষিতে থানা পুলিশ মঙ্গলবার অভিযান চালিয়ে শেরপুর জেলা সদর এলাকা থেকে আসামি জালাল মিয়াকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, বারোমারী বাজারে মানসিক ভারসাম্যহীন ভবঘুরে তরুণী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পলাতক আসামি জালাল মিয়াকে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হবে। ভুক্তভোগী ওই মানসিক ভারসাম্যহীন তরুণীকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে।




