শেরপুরের নালিতাবাড়ীতে লুকোচুরি খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সালমান ফার্সি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে৷ ১২ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার উত্তর নাকশী এলাকায় ওই ঘটনা ঘটে। মৃত ওই শিশু উপজেলার উত্তর নাকশী এলাকার ইলিয়াস হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার উত্তর নাকশী এলাকায় নিজ বাড়িতে সমবয়সী ছেলেদের সঙ্গে লুকোচুরি খেলছিল সালমান। একপর্যায়ে পাশের বাড়ির হযরত আলীর ঘরে লুকাতে যায় সে। এদিকে ওই ঘরের ভেতর অটো রিক্সার ব্যাটারি চার্জ দেওয়া ছিল। এসময় সালমান ওই ব্যাটারির চার্জিং পয়েন্টে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে খেলার সাথীদের ডাক চিৎকারে সালমানের মা ও আশেপাশের লোকজন সালমানকে উদ্ধার করে শেরপুর জেলা
সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে৷




